দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাংগঠনিক শক্তি, নৈতিক মনোবল ও ঐক্যের মাধ্যমে ফ্যাসিস্টদের মোকাবিলার আহ্বান জানিয়েছেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম উত্তোলনকারীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
আমিরুল ইসলাম খান আলিম বলেন, ‘বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তিনি যতই চেঁচান, বাংলাদেশের মানুষ তাঁদের আর কোনোদিন রাষ্ট্রক্ষমতায় বসাবে না।’
জুলাই বিপ্লবে হতাহত ও ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, জুলাই বিপ্লবে প্রায় ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় ৫০ হাজার ভাই-বোনের চোখ অন্ধ হয়েছে এবং ৩০ হাজার মানুষ অঙ্গহানি নিয়ে বেঁচে আছেন। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হবেই।
জুলাই বিপ্লব সফল করার পেছনে জনগণের ঐক্যকে মূল শক্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা যে জুলাই বিপ্লব সফল করেছি, আমাদের কি পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই বা কোনো গুন্ডা বাহিনী ছিল? কিছুই ছিল না। আমাদের ছিল নৈতিক মনোবল, দেশপ্রেম ও ঐক্য। সাংগঠনিক শক্তি দিয়েই আমরা জুলাই বিপ্লব সফল করেছি। কাজেই আজকেও সাংগঠনিক শক্তি দিয়েই আমাদের ফ্যাসিস্টদের মোকাবিলা করতে হবে।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট সভা সঞ্চালনা করেন। এতে জেলার বিভিন্ন ইউনিয়নের মনোনয়ন ফরম উত্তোলনকারী নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এমএস/